আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩ বিলিয়ন (৩০০ কোটি ডলার) ডলারের ঋণ পাচ্ছে পাকিস্তান। আগামী ৯ মাসে এই অর্থ পাবে দেশটি। জুনের শুরুতে পাকিস্তান এবং আইএমএফ ৩ বিলিয়ন ডলারের স্টাফ-লেভেল চুক্তিতে পৌঁছেছিল। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ড তা অনুমোদন করে।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। এক মাসের আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত অর্থ ছিল না দেশটির হাতে।
বুধবার আইএমএফ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচিকে সমর্থন করে ৩ বিলিয়ন ডলারের জন্য ৯ মাসের স্ট্যান্ডবাই ব্যবস্থা অনুমোদন করেছে নির্বাহী বোর্ড। দেশটি প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার অগ্রিম পাবে। বাকিটা আগামী ৯ মাসের মধ্যে পরিশোধ করা হবে।
ঋণ পেয়ে খুশী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বেলআউট একটি বড় পদক্ষেপ। এটি তাৎক্ষণিক থেকে মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে।’
পাকিস্তানের বেশিরভাগ অংশ গত বছর বিধ্বংসী বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উচ্চ মুদ্রাস্ফীতি এবং সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে স্মরণকালের ভয়াবহ সংকটে ধুঁকছে দেশটি।
চলতি সপ্তাহে মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও তহবিল পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, ‘সৌদি আরব মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ২ বিলিয়ন ডলার জমা করেছে। কেন্দ্রীয় ব্যাংক সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন ডলার পেয়েছে।’
পাকিস্তান সরকার ঋণের জন্য অনেকদিন ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। জুনে প্রায় আট মাস পর ঋণের চুক্তি ও শর্তের বিষয়ে সম্মত হন দুই পক্ষের কর্মকর্তারা।
সূত্র: দ্য ডন









