রাশিয়ার সঙ্গে জাপান সাগরে যৌথ বিমান ও নৌ মহড়ায় অংশ্রহণ করতে চীনা নৌবাহিনী একটি বহর রওনা দিয়েছে। রবিবার বহরটি মহড়ায় যোগদানের উদ্দেশে রওনা দেয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
নর্দার্ন/ইন্টারেকশন-২০২৩ নামের এই মহড়াটি চীন ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর থেকে দুই দেশের সম্পর্ক জোরদার হচ্ছে।
চীনা নৌ বহরে পাঁচটি যুদ্ধ জাহাজ ও জাহাজ থেকে উড্ডয়নে সক্ষম চারটি হেলিকপ্টার রয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর কিংদাও থেকে রওনা দিয়ে জাপান সাগরের পূর্ব নির্ধারিত অঞ্চলে যাচ্ছে।
এর আগে শনিবার মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার নৌ ও বিমান বাহিনী এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এই প্রথমবার দুই দেশের এই দুই বাহিনী যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।
রাশিয়ার পক্ষ থেকে গ্রোমকি ও সোভারশেনি নামক দুটি যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেবে। এর আগে চলতি মাসের শুরুতে সাংহাইতে চীনের নৌবাহিনীর সঙ্গে এক মহড়ায় অংশ নেয় জাহাজ দুটি।









