ভুটানে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ছোট একটি জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ ভেসে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে চলছে উদ্ধার অভিযান। পরিস্থিতি দেখতে সেখানে ছুটে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
ভুটানের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ৩২ মেগাওয়াট ইউঙ্গিচু জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ ভেসে গেছে। তবে মূল অংশটি আঘাতপ্রাপ্ত হয়নি।
প্লান্টটির নির্মাণের দায়িত্বে থাকা ড্রুক গ্রিন পাওয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটি একটি বড় বিপর্যয়। নিখোঁজদের মধ্যে প্রকল্পের কর্মীও রয়েছে।
চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ভুটানের জনসংখ্যা সাড়ে ৭ লাখ। ছোট্ট এই দেশটিতে এ ধরণের বড় দুর্ঘটনা তুলনামূলক বিরল। তবে ২০২১ সালে আকস্মিক বন্যায় দেশটিতে কমপক্ষে ১০ জন নিহত হয়।
চলতি বছরের জুনে প্রতিবেশী নেপালে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়, নিখোঁজ হন আরও ২৫ জন।
সূত্র: রয়টার্স









