দুই সপ্তাহের বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে থাকা চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে নিয়ে গত কয়েক দিন ধরে জল্পনা শুরু হয়েছে। অবশেষে পশ্চিমা সংবাদমাধ্যমে জানা গেলো, সামরিক ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। শুক্রবার দশটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা একজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও তিন ব্যক্তি বলেছেন, লি শাংফু চীনা সেনাবাহিনীর সরঞ্জাম ক্রয় সংশ্লিষ্ট তদন্তের মুখে রয়েছে।
চীনা সেনাবাহিনীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকা আরও দুই ব্যক্তি বলেছেন, সেনাবাহিনীর ক্রয় ইউনিটের আরও আট সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত চলছে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত লি শাংফু এই ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র শুক্রবার সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত নন।
ফিনান্সিয়াল টাইমস শুক্রবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করে লি শাংফুর বিরুদ্ধে তদন্ত হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালও চীনা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, গত সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
সর্বশেষ ২৯ আগস্ট প্রকাশ্যে দেখা গিয়েছিল চীনা প্রতিরক্ষামন্ত্রীকে। এই মাসের শুরুতে তিনি রাশিয়া ও বেলারুশ সফর করেছেন।
২০১৬ সালে চীনা সেনাবাহিনীর তৎকালীন নতুন স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের উপ-কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর তিনি সামরিক ক্রয় ইউনিটের প্রধান হন। ২০১৮ সালে রুশ কোম্পানির কাছ থেকে অস্ত্র কেনার জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।









