রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার তার আইনজীবী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
আইনজীবী নাঈম পাঞ্জুতা বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের জামিন ও মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে।
তিনি আরও বলেছেন, আমরা এর বিরুদ্ধে আপিল করব।
২৩ অক্টোবর রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের কারাদণ্ড স্থগিত করলেও মুক্তি পাননি তিনি। এই মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে।
গত বছর ওয়াশিংটনের পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। ইমরানের বিরুদ্ধে অভিযোগ তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
পিটিআই দাবি করছে, এই নথিতে তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়েছে।









