রাখাইন রাজ্যে বঙ্গোপসাগরের একটি বন্দর নগর পাকতাও বিদ্রোহীদের হাত থেকে পুনরুদ্ধার করতে আকাশ ও সমুদ্র পথে আক্রমণ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। শুক্রবার (১৭ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী স্থানীয় এক বাসিন্দাকে উদ্ধৃত করে জানিয়েছে, রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটি দখল করেছিল। তাদের কাছ থেকে এটি পুনরুদ্ধারে আক্রমণ শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
বৃহস্পতিবার পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে লড়াইয়ের কথা উল্লেখ করে জান্তাবিরোধী বিদ্রোহীদের থ্রি ব্রাদারহুড জোট টেলিগ্রামে বলেছে, নৌবাহিনীর জাহাজ থেকে হেলিকপ্টার ও কামান দিয়ে পাকতাও শহর আক্রমণ করেছে সামরিক বাহিনী।
বিদ্রোহীদের জোট বলেছে, বিকালের দিকে জান্তা বাহিনী শহরের ভেতরে ঢুকে গুলি চালায় এবং বেসামরিক মানুষদেরকে হত্যা করে।
জান্তা সরকারের মুখপাত্রের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি। রয়টার্স এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তিনটি বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে জান্তাবিরোধী ‘অপারেশন ১০২৭’ শুরু করেছে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই অভিযান দেশটির সামরিক সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি শহর এবং সামরিক পোস্ট দখল করেছে বিদ্রোহীরা। চীনের সীমান্তবর্তী শান রাজ্য থেকে এই সেনা-বিদ্রোহী সংঘর্ষ শুরু হয়েছে।








