বিশ্বের ২০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পর্যটনমন্ত্রী এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পর্যটনমন্ত্রী সান্দিয়াগা উনো এক বিবৃতিতে বলেছেন, এক মাসের মধ্যে সরকার দেশগুলোর তালিকা চূড়ান্ত করবে। তালিকায় থাকবে যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স। পর্যটন ও অর্থনীতিকে গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী জানিয়েছেন, অর্থনীতি, পর্যটন ও বিনিয়োগকে গতিশীল করার উপায় হিসেবে ভিসামুক্ত ভ্রমণের বিষয়টি বিবেচনার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
সরকারি তথ্য অনুসারে, করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ১ কোটি ৬০ লাখ বিদেশি পর্যটক ইন্দোনেশিয়া ভ্রমণ করেছিলেন।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯৪ লাখ ৯০ বিদেশি পর্যটক দেশটি সফর করেছেন। ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ১২৪ শতাংশ বেশি।
সম্প্রতি চীনের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছিল সিঙ্গাপুর। বৃহস্পতিবার সিঙ্গাপুর জানিয়েছে, চীনের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে ৩০ দিনের ভিসা ছাড়া ভ্রমণের সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে।
এছাড়া চীন ও ভারতের নাগরিকদের জন্য ভিসা ছাড়া প্রবেশের অনুমতির দেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়া।









