মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে একটি গ্যাসবাহী ট্রাক দুর্ঘটনায় পড়ে বিস্ফোরিত তিন দমকলকর্মীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ৬০ টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্রাকটি বিধ্বস্ত হওয়ার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী উলানবাটোরে বিস্ফোরণের আগুন নেভানোর জন্য প্রায় শতাধিক দমকলকর্মী পাঠানো হয়েছে। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মীসহ ছয়জন নিহত হয়েছেন। তাছাড়া বিস্ফোরণস্থলের পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় উল্লেখ করে ৪০ বছর বয়সী আইনজীবী এরডেনেবোল্ড সুখবাতার রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরের দিকে ভূমিকম্পের মতো অনুভূত হয়। তারপরই আলো জ্বলে উঠে। তখনই আগুন দ্রুতগতিতে পাশের তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে।
মঙ্গোলিয়ার উপ-প্রধানমন্ত্রী সাইনবুয়ান আমরসাইখান বলেন, বিভিন্ন ভবনে এই বিস্ফোরণ আঘাত হানলেও সেগুলোতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) বলেছে, সাড়ে চারটার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।









