মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ন সদর দফতর দখল করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক দিন লড়াইয়ের পর সোমবার সকালে ম্রাউক ইউ ও কিয়াউকতাও টাউনশিপে এই দুটি ঘাঁটির দখল নেয় বিদ্রোহীরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিয়ানমার বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে।
আরাকান আর্মি বলেছে, কয়েক দিন লড়াইয়ের পর সোমবার সকালে ঐতিহাসিক ম্রাউক ইউয়ে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের (এলআইবি) ৩৭৮ নম্বর সদর দফতর দখল করা হয়েছে।
এর আগের মঙ্গলবার আরকান আর্মি পাশের এলআইবি ৫৪০ ঘাঁটি দখল করে। তখনও এলআইবি ৩৭৭ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল গোষ্ঠীটি।
আরাকান আর্মি দাবি করেছে, তিনটি ব্যাটালিয়ন ম্রাউক ইউ জাদুঘর, ম্রাউক ইউ রাজ্যের ঐতিহাসিক রাজধানী এবং শহরের আবাসিক এলাকা ও পাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করছে তারা।
২ ফেব্রুয়ারি কিয়াউকতাউ টাউনশিপে এলআইবি ৩৭৬ সদর দফতর দখল করে আরাকান আর্মি। ওই সময় তিনটি শহরে তারা হামলা চালাচ্ছিল।
এছাড়া রাথেডাউং, পন্নাগিউন, রামরি ও অ্যান টাউনশিপে মিয়ানমারের সেনাবাহিনী আকাশ ও নৌপথে বোমাবর্ষণ করছে।
১৩ নভেম্বর থেকে আরাকান আর্মি রাখাইন ও প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে। এখন পর্যন্ত জান্তার ১৭০টি ফাঁড়ি ও ঘাঁটি দখল করেছে তারা। এর মধ্যে রাখাইনের রাজধানী সিতওয়ের কাছে পাউকতাউ শহর ও পুরো পালেতওয়া টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।









