পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি সতর্ক করে বলেছেন, সরকার গঠন নিয়ে কেউ যদি নিজেদের অবস্থানের পরিবর্তন না ঘটায় তাহলে বিপজ্জনক অচলাবস্থা দেখা দিতে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টের বাইরে তিনি এই মন্তব্য করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
পিএমএলএন-এর নাম উল্লেখ না করে বিলাওয়াল বলেছেন, কেউ যদি নিজেদের অবস্থান পরিবর্তনে রাজি থাকে তাহলে কেবল অগ্রগতি হতে পারে। আমরা আমাদের অবস্থানে অনড় এবং তা পাল্টাবে না।
পিএমএলএন ও পিপিপির সমন্বয় কমিটির ষষ্ঠ বৈঠক আজ অনুষ্ঠিত হতে পারে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দুই দল জোট সরকার গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পিএমএলএন-এর মন্ত্রিসভায় যোগদানে আগ্রহী নয় পিপিপি, যদিও তারা দলটির প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। এই সমর্থনের বিনিময়ে বিলাওয়ালের দল গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো চাইছে। বাবা আসিফ আলী জারদারিকে আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট পদে দেখতে চান তিনি।
নির্বাচনে ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯০টির বেশি আসনে জয়ী হয়েছেন। পিএমএলএন পেয়েছে ৭৯ ও পিপিপি ৫৪। সরকার গঠনে ৩৩৬ আসনের সাধারণ পরিষদে ১৬৬ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।
বিলাওয়াল বলেছেন, পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনায় অচলাবস্থা গণতন্ত্র বা অর্থনীতির জন্য সুবিধাজনক নয়।
এস্টাব্লিশমেন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে পিপিপি নেতা বলেছেন, এস্টাব্লিশমেন্টের সঙ্গে আমার জড়িত থাকার প্রমাণ কই? আমাকে অভিযুক্ত করার আগে প্রমাণ দিন।
তিনি বলেছেন, জনগণ কোনও একক দলকে সংখ্যাগরিষ্ঠতা দেননি। জনগণ এমন সিদ্ধান্ত দিয়েছেন যাতে করে সব স্বার্থসংশ্লিষ্টদের একমতে আসতে হবে।









