উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রবিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিমকে এ শুভেচ্ছা জানান তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, পুতিন বলেছেন,‘আমি নিশ্চিত যে আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাশিয়া ও ডিপিআরকের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব পরিকল্পিত উপায়ে আরও শক্তিশালী হবে।’
ডিপিআরকে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম। ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া-এর সংক্ষিপ্ত রূপ।
কেসিএনএ আরও জানিয়েছে, শি তার বার্তায় উত্তর কোরিয়ার সঙ্গে গভীরতর কৌশলগত যোগাযোগ এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
রবিবার দেশজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন কিম।
এর আগে গত বছরও প্যারামিলিটারি গ্রুপের কুচকাওয়াজের মাধ্যমে দেশের প্রতিষ্ঠাবার্ষিকী ৯ সেপ্টেম্বর পালন করেছিলেন কিম। সেসময় তিনি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছিলেন।








