সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে উত্তর ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। আহত হয়েছে কয়েকশ মানুষ। ঝড়ের প্রভাবে সোমবার (৯ সেপ্টেম্বর) ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ভেঙে পড়েছে একটি সেতু। ভেসে গেছে একটি বাস। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
উত্তর ভিয়েতনামে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সোমবার সকালে পাহাড়ি কাও ব্যাং প্রদেশে ভূমিধসের ফলে ২০ যাত্রী বহনকারী একটি বাস স্রোতে ভেসে গেছে। ভূমিধস অব্যাহত থাকায় ওই এলাকায় যাওয়া সম্ভব হয়নি উদ্ধারকারীদের।
এছাড়া ফু থো প্রদেশে সোমবার সকালে রেড নদীর ওপর অবস্থিত ইস্পাতের একটি সেতু ভেঙে পড়ে। এর ফলে দুটি মোটরবাইকসহ ১০টি গাড়ি ও ট্রাক নদীতে পড়ে যায়। নদী থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও, আরও ১৩ জন এখনও নিখোঁজ রয়েছে।








