পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার পুলিশ আহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলে সফররত বিদেশি কূটনীতিকদের একটি গাড়িবহরে বোমা বিস্ফোরণ হয়। পুলিশ কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা জাহিদুল্লাহ খান বলেন, স্থানীয় চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াত উপত্যকা এলাকা পরিদর্শন করছিলেন কূটনীতিকরা। এলাকাটিকে একটি সম্ভাব্য পর্যটন গন্তব্য হিসেবে দেখানো হয়।
তিনি বলেছিলেন, ‘স্কোয়াডটি কাফেলার নেতৃত্ব দেওয়ার সময় রাস্তার ধারে বোমা বিস্ফোরিত হয়েছিল।’ জাহিদুল্লাহ খান বলেন, আরও চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িবহরটি মালাম জাব্বা নামে একটি হিল স্টেশন ও স্কি রিসোর্টের দিকে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। গাড়িবহরে থাকা প্রায় ডজনখানেক কূটনীতিক নিরাপদে রয়েছেন। তারা ইসলামাবাদে ফিরে যাচ্ছেন।
বোমা হামলার পর সেনা ও পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে।
পুলিশের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আলী গন্ডাপুর রয়টার্সকে বলেছেন, ‘হামলায় সব রাষ্ট্রদূত নিরাপদে ছিলেন। ইসলামাবাদে রওনা হওয়ার আগে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।’
এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এলাকাটিতে কারফিউ জারি করার কথা জানিয়েছেন।
কূটনীতিকদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধের সাড়া দেননি।
এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
ইসলামি সশস্ত্র বিদ্রোহের কেন্দ্রস্থল সোয়াত উপত্যকায় দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে পাকিস্তানি জঙ্গিরা। সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর, ২০২২ সালের শেষের দিক থেকে আক্রমণের মাত্রা বাড়িয়েছে তারা।
২০১২ সালে ইসলামিপন্থি জঙ্গিরা এই উপত্যকায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে গুলি করে আহত করে।







