রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে কুরস্কে প্রায় ১০ হাজার ৯০০ উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা। তাদের রাশিয়ার বিমানপ্রতিরক্ষা ইউনিট ও নৌবাহিনীর অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনে দেশটির গুপ্তচর সংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) বরাত দিয়ে সংসদের গোয়েন্দা কমিটির সদস্য পার্ক সান-ওন সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অতিরিক্ত অস্ত্রও পাঠিয়েছে উত্তর কোরিয়া, যেগুলোর মধ্যে স্ব-চালিত হাউইটজার ও একাধিক রকেট লঞ্চার রয়েছে।
এনআইএসের বরাতে ওই কর্মকর্তা বলেন, চলতি মাসে মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। প্রটোকলের দিক থেকে বৈঠকটি অস্বাভাবিক এবং খুব সম্ভবত কিম জং উনের সম্ভাব্য রুশ সফরসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঢাকা দেওয়ার জন্য একটি শুভেচ্ছা বিনিময়ের চেয়ে বেশি কিছু।
তিনি আরও বলেন, গুপ্তচর সংস্থাটি এখনও উত্তর কোরিয়ার নিহত সেনার সঠিক সংখ্যা এবং বিরোধপূর্ণ তথ্যের মধ্যে কেউ আত্মসমর্পণ করেছেন কি-না তা নির্ধারণের চেষ্টা করছে।








