উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল নিক্ষেপকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শনিবার পরিষদের সর্বসম্মতভাবে গৃহীত এক বিবৃতিতে মিসাইল নিক্ষেপের ঘটনাকে ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

সম্প্রতি উত্তর কোরিয়া দুটি মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার ঘোষণার পর জাতিসংঘ এই বিবৃতি দিলো। এর দুই সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করে। উত্তর কোরিয়ার তরফে চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ও একটি রকেট চালনার ঘোষণার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, বান কি-মুন সাম্প্রতিক মিসাইল নিক্ষেপের ঘটনাটি গভীর উদ্বেগের এবং উত্তর কোরিয়াকে এ ধরনের পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মিসাইল প্রযুক্তি উন্নয়নে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে মেনে চলতেও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান বান কি মুন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপাল্লার এই মিসাইল পূর্ব উপকূল থেকে নিক্ষেপ করা হয়। পানিতে পড়ার আগ পর্যন্ত তা ৮০০ কিলোমিটার অতিক্রম করে।
গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ও একটি পারমাণবিক ওয়ারহেড পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সূত্র: বিবিসি।
/এএ/বিএ/








