ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়ার সময় অন্য একটি ট্রেনের ধাক্কায় প্রাণ হারান বলে পুলিশ জানিয়েছে। জলগাঁওয়ের পুলিশ সুপার এই মৃত্যুর সংখ্যা এনডিটিভিকে নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মেহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী এলাকায়। সন্ধ্যা ৫টার দিকে লখনউ-মুম্বাই পুষ্পক এক্সপ্রেস নামের একটি দৈনিক সুপারফাস্ট ট্রেন থামে। আগুন লাগার গুজবে কেউ চেইন টেনে ট্রেন থামিয়ে দেন বলে সেন্ট্রাল রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন এবং একই সময়ে পাশের লাইনে দ্রুতগামী কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। কর্ণাটক এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে দিল্লি যাচ্ছিল বলে সেন্ট্রাল রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপনিল নীলা জানিয়েছেন।
একজন সিনিয়র রেলওয়ে কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, পুষ্পক এক্সপ্রেসের একটি কোচে হয় হট অ্যাক্সেল বা ব্রেক-বাইন্ডিংয়ের কারণে স্পার্ক সৃষ্টি হয়েছিল। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চেইন টানার পর তারা ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এ সময় পাশের লাইনে কর্ণাটক এক্সপ্রেস এসে পড়ে।
ভুসাওয়াল থেকে একটি দুর্ঘটনা ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দেহাবশেষ এবং রক্তাক্ত যাত্রীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।









