নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বৈদ্যুতিক যানবাহনে লুকানো দরজার হাতল নিষিদ্ধ করেছে চীন। টেসলার মাধ্যমে জনপ্রিয় হওয়া এই বিতর্কিত নকশা নিষিদ্ধ করার ক্ষেত্রে দেশটি প্রথম। নতুন এই বিধিমালা কার্যকর হবে ২০২৭ সাল থেকে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সাম্প্রতিক কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার পর বিশ্বজুড়ে নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারির মুখে পড়েছে বৈদ্যুতিক গাড়িগুলো। এরই মধ্যে চীনে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় শাওমির বৈদ্যুতিক গাড়িগুলোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই দুর্ঘটনাগুলোর পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি মুহূর্তে দরজা খোলা সম্ভব নাও হতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, গাড়ির ভেতর ও বাইরে উভয় পাশে যান্ত্রিক দরজা খোলার ব্যবস্থা না থাকলে কোনো যানবাহন বিক্রির অনুমোদন দেওয়া হবে না। একই সঙ্গে বাহিরের হাতলের জন্য নির্দিষ্ট ন্যূনতম মাপের খাঁজযুক্ত স্থান রাখতে হবে এবং ভেতরে যাত্রীদের জন্য দৃশ্যমান নির্দেশনাও থাকতে হবে।
শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এসব মানদণ্ড জরুরি পরিস্থিতিতে যাত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা বিদ্যুৎ বিভ্রাটের সময় ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। বিশেষত মারাত্মক দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যবস্থার ত্রুটি দেখা দিলে এসব ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যেসব মডেল ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং বাজারে আসার শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোকে নতুন নিরাপত্তা মান মেনে নকশা হালনাগাদের জন্য অতিরিক্ত দুই বছর সময় দেওয়া হবে।
চীনে নতুন প্রজন্মের গাড়ির বাজারে লুকানো দরজার হাতলের ব্যবহার বেশ ব্যাপক। বৈদ্যুতিক, হাইব্রিড ও ফুয়েল সেলচালিত অনেক গাড়িতেই এই নকশা দেখা যায়। সরকার-সম্পর্কিত পরিসংখ্যান অনুযায়ী, দেশটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০০টি মডেলের মধ্যে প্রায় ৬০ শতাংশ গাড়িতে এই ধরনের দরজার হাতল ব্যবহার করা হয়েছে, যা এর জনপ্রিয়তা ও ব্যাপক গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয়।
যদিও বিধিনিষেধটি শুধু চীনের বাজারে বিক্রি হওয়া গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য, তবে বৈশ্বিক গাড়ি সরবরাহ শৃঙ্খলে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এর আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এরই মধ্যে টেসলার দরজার হাতল নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো তদন্ত শুরু করেছে, আর ইউরোপীয় কর্তৃপক্ষও অনুরূপ নিরাপত্তা মানদণ্ড বিবেচনা করছে।









