ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণাকে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় হিসেবে আখ্যায়িত করেছেন বিখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় সোনম ওয়াংচুক বলেন, অভিনন্দন সিজেপি, দেশের জেন-জি এবং দেশের সব অঞ্চল থেকে ভয় ও ভয়ের ভয়কে ঝেড়ে ফেলে জেগে ওঠা সব নাগরিককে ধন্যবাদ। জবাবদিহিতা থেকে এবার সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার পালা।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন সমাজকর্মী সোনম ওয়াংচুকসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সমর্থন লাভ করে। ওয়াংচুক গত ২৮ জুন এই আন্দোলনে যোগ দেন এবং টানা ২৬ দিন অনশন পালন করেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর ওয়াংচুক তার অনশন ভঙ্গ করেন। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনও মামলা দেওয়া হবে না, সংসদে পরীক্ষা সংস্কার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করা হবে এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তবে ওয়াংচুক অনশন ভঙ্গ করলেও সিজেপি স্পষ্ট জানিয়েছিল যে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এই আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন।

পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির







