ভারতের নয়াদিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের আদলে শিগগিরই নতুন আন্দোলনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি এটিকে ‘যন্তর মন্তর সিজন ২’ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার (১২ আগস্ট) এক জনসভায় তিনি জানান, ইনস্টাগ্রামে অনেকেই জানতে চেয়েছেন কখন সিজন ২ শুরু হবে; তাদের উদ্দেশে তিনি বলেন, এই আন্দোলন খুব দ্রুত শুরু হতে যাচ্ছে।
দীপকে অভিযোগ করেন, দিল্লিতে তাদের ভলান্টিয়ারদের বৈঠকের জন্য হল রুম ভাড়া পেতে বেগ পেতে হয়েছে। হল মালিকেরা ‘উপরের চাপ’-এর কথা বলে বুকিং দিতে অস্বীকার করেন। শেষমেশ একটি হল পাওয়া গেলেও সভার দিন সকালে মালিকদের উল্টো ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়া হয়। বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, দলটির কর্মকাণ্ড প্রমাণ করে তারা দেশের তরুণদের ভয় পায়। তবে এসব তুচ্ছ পদক্ষেপে সিজেপিকে থামানো যাবে না বলে স্পষ্ট জানান তিনি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ মূল দাবিগুলো পূরণের আশ্বাসে গত ২৫ জুলাই যন্তর মন্তরে সিজিপির ৩৭ দিনের আন্দোলন শেষ হয়েছিল। দীপকের বক্তব্যের প্রেক্ষিতে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, এটি নিজেই সিজন টু। অযোগ্য সরকার ও কর্মকর্তাদের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে। সিজেপির পক্ষ থেকে আমরা এখন জনগণের কথা শুনতে দেশব্যাপী ‘লিসেনিং ট্যুর’ শুরু করছি।
আগামী স্বাধীনতা দিবস থেকে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সারা দেশে এই প্রচার কার্যক্রম চালানো হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।
সূত্র: উইয়ন নিউজ

ল্যাবে তৈরি হচ্ছে মানুষের ‘ক্ষুদ্র মস্তিষ্ক’







