চীনের ইউনান প্রদেশের নিজুহে গ্রামের শিশুদের আগে স্কুলে পৌঁছাতে পাহাড়ের বিপদসংকীর্ণ পথ ধরে টানা তিন ঘণ্টা হেঁটে উঠতে হতো। তিন সপ্তাহ পরপর গুয়ানঝাই ভিলেজ প্রাইমারি স্কুল-এ যাওয়ার এই বিপজ্জনক যাত্রা সহজ করতে ২০২২ সালে নিজু নদী গিরিখাতে নির্মিত হয় ২৬৮ মিটার উঁচু ছিংইউন ল্যাডার নামের একটি আউটডোর লিফট। পাহাড়ের খাড়া খাদ ঘেঁষে তৈরি করা এই লিফটের কারণে কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ পথ নিমেষেই পার হওয়া সম্ভব হয়।
তবে চালুর পর সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের ভিড়ে লিফটটিতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইন পড়তে শুরু করে। যদিও প্রাথমিক এই লিফটে স্থানীয় শিক্ষার্থীরা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেত, তবুও পর্যটকদের চাপের কারণে তাদেরও লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।
শিক্ষার্থীদের এই ভোগান্তি দূর করতে সম্প্রতি মূল লিফটের পাশেই চালু করা হয়েছে ২৮৮ মিটার (৯৪৫ ফুট) উঁচু নতুন আরেকটি প্যানোরামিক লিফট, যার নাম ফুয়াও ল্যাডার। এটি বিশ্বের অন্যতম দর্শনীয় আউটডোর লিফট হিসেবে স্বীকৃতি পেয়েছে। নতুন এই লিফটটি আগেরটির চেয়ে যেমন দ্রুতগামী ও প্রশস্ত, তেমনি এর খাদটিও ২০ মিটার বেশি দীর্ঘ।
এখন শিক্ষার্থীরা শাটল বাস, আউটডোর লিফট ও কেবল কার ব্যবহার করে মাত্র ৩০ মিনিটের মধ্যেই নিরাপদে স্কুলে পৌঁছে যাচ্ছে; যেখানে আগে যাতায়াতেই তাদের ছয় ঘণ্টা সময় ব্যয় হতো।
এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, আগে নিজের জিনিসপত্র কাঁধে নিয়ে স্কুলে পৌঁছাতে পাহাড়ের রাস্তায় আমাকে তিন ঘণ্টা হাঁটতে হতো, আর একটু অসাবধান হলেই পিছলে পড়ে যাওয়ার ভয় থাকত।
দুই লিফটের সুবাদে চীনের এই পাহাড়ি শিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ক্লান্তিকর স্কুলযাত্রাটি এখন বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
সূত্র: ওডিটি সেন্ট্রাল

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন






