উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারাত্মক মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন, এমন একটি গুঞ্জন তীব্র হওয়ার পর সোমবার (১৯ অক্টোবর) তার একাধিক নতুন ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মৃত্যুগুজব উড়িয়ে দিয়ে কিম সুস্থ ও জীবিত আছেন, তার প্রমাণ দিতেই ছবিগুলো প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, সোমবার এক পোশাক ও পাদুকা প্রদর্শনী পরিদর্শনে যান কিম জং উন। প্রকাশিত ছবিগুলোতে তাকে শিশুদের জুতা এবং নারীদের কোট ও গোলাপি রঙের জুতা পরীক্ষা করতে দেখা যায়। আরেকটি ছবিতে তিনি কর্মকর্তাদের দিকনির্দেশনা দিচ্ছেন। তবে ছবিগুলো ঠিক কবে তোলা হয়েছিল, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে গত রবিবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও চীনা ডেমোক্র্যাসি পার্টির সদস্য ওয়ানজুন সি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ৪২ বছর বয়সী এই স্বৈরশাসক মস্তিষ্কে রক্তক্ষরণে কোমায় চলে যান এবং চিকিৎসার জন্য বেইজিংয়ে নেওয়ার পর মারা যান।
সি আরও দাবি করেন, কিমের মরদেহ উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে এবং উত্তরসূরি নিয়ে সংঘাতের আশঙ্কায় চীন পিয়ংইয়ংয়ে ৯ হাজার সেনা পাঠিয়েছে। এছাড়া গত শনিবার বেইজিংয়ের চিকিৎসকরাও কিমকে চিকিৎসা দিতে পিয়ংইয়ং যান বলে তিনি দাবি করেন।
কিম জং উনের মৃত্যু নিয়ে এমন গুজব এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালেও কয়েক মাস জনসম্মুখে না আসায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তৎকালীন সময়ে এক সাবেক কূটনীতিক দাবি করেছিলেন, কিম কোমায় আছেন এবং ক্ষমতার ভার তার বোন কিম ইয়ো-জংয়ের হাতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, কিমের মৃত্যু হলে তার বোনই শাসনভার গ্রহণ করবেন। চলতি সপ্তাহের শুরুতেও কিম ইয়ো-জং দক্ষিণ কোরিয়া সীমান্তে অতিরিক্ত অস্ত্র মোতায়েন ও লাউডস্পিকার চালুর বিষয়ে হুশিয়ারি বার্তা দেন।
অন্যদিকে, কিম জং উন তার ১৩ বছর বয়সী কন্যা কিম জু-আইকেও ক্ষমতার উত্তরসূরি হিসেবে তৈরি করছেন বলে আলোচনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে, আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করা হলেও জু-আই-ই হতে যাচ্ছেন কিমের অনুগামী প্রতিনিধি।
সূত্র: উইয়ন নিউজ
প্যারিস দ্রুতই মুসলিমদের শহরে পরিণত হবে, ম্যাক্রোঁর সমালোচনায় ট্রাম্প
নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অঘোষিত বৈঠক