চার লাখ মানুষের ভোজ, বিদেশ থেকে আনা ফুল এবং বিজয়ীর জন্য মাহিন্দ্রা থার জেতার ঘোড়দৌড়। বিহারের লাদমা গ্রামে মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ের বিয়ের জন্য কয়েক একর জমি প্রস্তুত করা হচ্ছে। অতিথি তালিকায় আছেন রাজনীতিক, অভিনেতা ও গায়কেরা।
২৫ নভেম্বর ঋষিকেশ কুমার ওরফে অঙ্কিতকে বিয়ে করবেন শিবাঙ্গী সিং। একই দিন সিংয়ের ছোট ছেলে অভিনবের উপনয়ন অনুষ্ঠানও হবে।
আদালতের নির্দেশে ১ ডিসেম্বর আত্মসমর্পণের এক সপ্তাহেরও কম সময় আগে এ উৎসব হচ্ছে। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় আত্মসমর্পণ করতে হবে সিংকে। ২০২৫ সালের অক্টোবরে মোকামায় প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে প্রচারের সময় যাদব খুন হন। সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই হত্যার পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি জেডিইউ থেকে বহিষ্কৃত সিং মার্চে পাটনা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
উত্তর প্রদেশের মৌ থেকে সাজসজ্জাকারীদের এনে বিশাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ঘোড়দৌড়ের জন্য আলাদা মাঠ প্রস্তুত হচ্ছে। আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া শহরে পৌঁছানোর কথা। সিং জানান, দৌড়ের বিজয়ী পাবেন একটি মাহিন্দ্রা থার, আর রানার্সআপ পাবেন একটি মোটরসাইকেল।
তিনি আরও জানান, পরিবেশের কথা মাথায় রেখে কোনও আতশবাজি থাকবে না। সিং বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদবও রাজনৈতিক অতিথিদের তালিকায় আছেন।
অভিনেতা সোনু সুদ, লোকশিল্পী মৈথিলী ঠাকুর, সাংসদ ও গায়ক মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং ও অভিনেত্রী অক্ষরা সিংসহ বলিউডের অন্য ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের উপস্থিতি এখনও নিশ্চিত নয়।
ভোজপুরি, মগাহি ও মুম্বাইভিত্তিক শিল্পীদের নিয়ে মঞ্চানুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। উৎসবের আগে প্রথাগত আচার হিসেবে সিংয়ের স্ত্রী নীলম দেবী দেবদেবীদের বিয়ের আমন্ত্রণপত্র নিবেদন করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?