চীনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার দাম নতুন রেকর্ড গড়েছে। দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ খনি এলাকা বন্যাকবলিত হয়ে পড়ায় এই অবস্থা তৈরি হয়েছে।
গত জুলাইয়ে খনি এলাকা হেনান প্রদেশে রেকর্ড বন্যার পর সম্প্রতি দেশটির সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী প্রদেশ শানঝিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এরই জেরে মঙ্গলবার কয়লার দাম বেড়ে গেছে প্রায় ১০ শতাংশ। জ্বালানি সংকট নিরসনে চীন তেলের সরবরাহ বাড়াতে চাইলেও বন্যার কারণে সেটিও ব্যাহত হচ্ছে।
চীনে চলতি বছরের মোট কয়লা চাহিদার এক-তৃতীয়াংশ উৎপাদিত হয়েছে শানঝি প্রদেশে। বন্যার কারণে সেখানকার বহু খনি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে সম্প্রতি কয়েকটি খনি ধীরে ধীরে কার্যক্রম শুরু করছে।
মঙ্গলবার শানঝি প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রদেশটির প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। মৌসুমী বৃষ্টিপাতের কারণে গত সপ্তাহে বাড়িঘর ভেঙে পড়ে। প্রায় ৭০টি জেলায় দেখা দেয় ভূমিধস।
বন্যার আগে থেকেই চীনে জ্বালানি সংকট চলছে। এ কারণে দেশটির বড় অংশেই বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। গত কয়েক সপ্তাহে বিদ্যুৎ কোম্পানিগুলো লাখ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের সীমা নির্ধারণ করে দিতে বাধ্য হয়েছে।
গত শুক্রবার চীনের কয়লা খনিগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয় বেইজিং। দাম বৃদ্ধির নতুন রেকর্ড এবং বিদ্যুৎ ঘাটতি তৈরি হওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়।








