বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ থেকে রাশিয়া বিতাড়িত করার আলোচনা সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার বেইজিং বলেছে, জি-২০’র গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়াকে কূটনৈতিক সুরক্ষা দিয়ে আসছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম জি-২০। রাশিয়া এই ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য। অন্য দেশকে বহিষ্কার করার অধিকার কোনও সদস্য রাষ্ট্রের নেই।
চীনা মুখপাত্রের এই প্রতিক্রিয়া প্রকাশের আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর পর জি-২০তে রাশিয়ার আর থাকা উচিত কিনা সেটি পর্যালোচনা করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান বলেছেন, জি-২০ প্রশ্নে আমি শুধু বলতে চাই, আমরা মনে করি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সম্প্রদায়ে রাশিয়া আগের মতো কাজ চালিয়ে যেতে পারে না।
অবশ্য জি-২০ থেকে রাশিয়াকে সরাসরি বাদ দেওয়ার যে কোনও উদ্যোগ বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ এক্ষেত্রে চীন, ভারত, সৌদি আরবের মতো দেশগুলো জোরালো বিরোধিতা করতে পারে।









