কোভিড বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ দুই জনের মৃত্যুর খবর দেওয়ার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোভিডের ভয়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
প্রতিবেদনে বলা হয়, চীনে টিকা নেয়নি এমন লাখ লাখ মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক সংক্রামক রোগ বিশেষজ্ঞ হো নাম লিওং-এর আশঙ্কা, বিধিনিষেধ শিথিলের পর চীনে কোভিডে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি। কিন্তু পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় অনেকের সংক্রমণ ধরা পড়ছে না।
এই বিশেষজ্ঞ বলেন, ‘সংক্রমণের চাপে হৃদরোগে আক্রান্ত হয়েও মানুষের মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রধান কারণ হতে পারে হার্ট অ্যাটাক, কিন্তু এর অন্তর্নিহিত কারণ হল কোভিড।’
বিক্ষোভের মুখে এ মাসেই কঠোর কোভিড নীতি শিথিলের উদ্যোগ নেয় চীনা কর্তৃপক্ষ। তবে এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হয় যখন দেশটিতে দৃশ্যত সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে পরীক্ষার জন্য জ্বর আক্রান্ত রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে।








