চীন তাইওয়ানে সফলভাবে আক্রমণ করতে পারবে না বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, তাইওয়ানে সফলতা নিয়ে সন্দেহে আছে খোদ বেইজিং। এ সময় দ্বীপের হুমকিকে খুব গুরুত্ব সহকারে নেওয়ার ওপরেও জোর দেন বার্নস।
টেলিভিশন সাক্ষাৎকারে রবিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক বলেছেন, তাইওয়ানের দখল নেওয়ার সম্ভাব্য সামরিক ক্ষমতা সম্পর্কে ধোঁয়াশায় আছে চীন।
সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেন, ‘তাইওয়ান আক্রমণের জন্য সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।’
যা বললেন সিআইএ প্রধান
বার্নস বলেন, ‘চীনা সামরিক নেতৃত্বকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শি। তবে এর মানে এই নয় যে ২০২৭ সালেই আক্রমণ হবে। অন্য যেকোনও সময়েও হামলা হতে পারে।’
বার্নস আরও বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট শি এবং তার সামরিক নেতৃত্বের মনে সন্দেহ আছে যে তারা সেই আক্রমণটি সম্পন্ন করতে পারবে কিনা।’
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি উল্লেখ করে বার্নস বলেন, ‘যেহেতু তারা ইউক্রেনে পুতিনের অভিজ্ঞতা দেখেছে, সেহেতু আমাদের সন্দেহগুলো উড়িয়ে দেওয়া ঠিক হবে না।’ সূত্র: ডয়েচে ভেলে









