তুরস্কের ইস্তানবুল শহরের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে হয়। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ হামলার জন্য আইএসকে দায়ী করেছেন। দেশটির রাষ্ট্রপতি এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতি সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সন্ধিক্ষণে এই হামলা হলো। ইস্তানবুলের মতো পৃথিবীর যে কোনও বিমানবন্দরে বা শহরে এ ধরনের হামলা হতে পারে।’
এদিকে, এই হামলার ঘটনাকে জঘন্য আখ্যায়িত করে তুরস্কের পাশের থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
হামলার পর তুরস্করের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, আমাকে যে তথ্য দেওয়া হয়েছে তা হলো, প্রথম এক হামলাকারী বিমানবন্দরে প্রবেশ করে গুলি শুরু করে একটি কালাশনিকভ দিয়ে। তারপর নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতী হামলায়।
এদিকে, তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের অ্যারাইভাল হলের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েছিল।
নিহতদের মধ্যে আত্মঘাতী হামলাকারী রয়েছে কি না তা জানা যায়নি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরের কার পার্ক থেকে গুলির শব্দ শোনা গেছে। তিনি বলেন, ট্যাক্সিতে করে বিমানবন্দর থেকে আহতদের নেওয়া হচ্ছিল।
টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, হামলার পর আতাতুর্ক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে যাত্রীদের হোটেলে ফেরত পাঠানো হয়েছে।
এ বছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে ইস্তামবুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়।
/এনএস/এমএনএইচ/এসএ/বিএ/








