আগামী কয়েক বছরের মধ্যে করোনাভাইরাস সাধারণ ঠান্ডাজনিত রোগের মতো হয়ে যেতে পারে। ভাইরাসটিতে টিকা না নেওয়া বা সংস্পর্শে না আসা শিশুরাই মূলত আক্রান্ত হবে। বৃহস্পতিবার প্রকাশিত এক মডেলিং গবেষণায় এই দাবি করা হয়েছে।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্র ও নরওয়ের একটি দল। এটি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুদের করোনা সংক্রমণের ভয়াবহতা সাধারণভাবে কম থাকায় রোগটির প্রাদুর্ভাব কমে আসতে পারে কারণ বৈশ্বিক জনগণের মধ্যে সার্স-কভ-২ ভাইরাস স্থানীয় রোগে পরিণত হবে।
নরওয়ের ওসলো ইউনিভার্সিটির ওত্তার বর্নস্টাড বলেন, আমাদের মডেলিং গবেষণা ইঙ্গিত দেয় যে, প্রাপ্ত বয়স্করা টিকা নিয়ে বা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার ফলে সংক্রমণ শিশুদের মধ্যে স্থানান্তরিত হতে পারে।
তিনি সতর্ক করে আরও বলেন, যদি কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রাপ্ত বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাহলে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে আগের সংক্রমণের কারণে রোগের ভয়াবহতা কম হবে।
গবেষণা দলের পক্ষ থেকে ১১টি দেশের তথ্য পর্যালোচনা করা হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। সূত্র: এনডিটিভি








