ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় গতি আনার কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচির অগ্রগতি বন্ধের বিনিময়ে ইরানের ওপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ এখনও রয়েছে। তবে এজন্য আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে হবে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়কে উদ্ধৃত করে রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক পুনরুজ্জীবিত করতে। অস্ট্রিয়ায় ভিয়েনায় এই বিষয়ে বেশ কয়েক মাস ধরে একাধিকবার আলোচনা হয়েছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন, আলোচনার অগ্রগতি খুব কম। পশ্চিমা শক্তিগুলোর দেওয়া সময়সীমা মানতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।
শনিবার টেলিফোনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। এসময় রাইসিকে ম্যাক্রোঁ বলেছেন, কূটনৈতিক সমাধান সম্ভব এবং কোনও সমঝোতার পৌঁছার জন্য সব পক্ষের যথাযথ প্রতিশ্রুতি প্রয়োজন।
এলিজি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েনায় কয়েক মাসের একাধিক আলোচনার পর তিনি এই কাঠামোয় অগ্রগতি অর্জনের জন্য গতি আনার ওপর জোর দিয়েছেন।
তিনি আরও বলেছেন, ইরানের উচিত গঠনমূলক ইচ্ছা প্রদর্শন এবং চুক্তির শর্ত বাস্তবায়ন করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, ম্যাক্রোঁকে রাইসি বলেছেন, ভিয়েনা সংলাপে পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য যেকোনও চুক্তির মূল বিষয়বস্তু হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রত্যাহারের কার্যকারিতা পরীক্ষার সুযোগ রাখা এবং আমেরিকার পক্ষ থেকে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার নিশ্চয়তা দেওয়া।









