ইউক্রেনে ভারী ও অন্যান্য অস্ত্র পাঠানোকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’ উল্লেখ করে পশ্চিমাদেশগুলোকে সতর্ক করেছে ক্রেমলিন। কিয়েভকে সহায়তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাজ মিত্রদের সামরিক উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সতর্কবার্তা দেন।
ইউক্রেনকে সহায়তা মানে ন্যাটো ও মস্কোর মধ্যে সামরিক সংঘাত নয় বলে জানিয়েছে পশ্চিমারা। কিন্তু রুশ মুখপাত্র পেসকভ সাংবাদিকদের বলেন, ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ করা মানে ইউরোপীয় মহাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে এবং অস্থিরতা উস্কে দেয়।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইউক্রেনে কোনও দেশ হস্তক্ষেপ করতে তাদেরকে বিদ্যুৎগতির জবাব দেওয়া হবে।
বুধবার এই হুঁশিয়ারি দিয়ে রুশ আইনপ্রণেতাদের পুতিন বলেন, 'বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তাহলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির। জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না। প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করব'।
উল্লেখ্য, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও জেলেনস্কির সরকারকে অপসারণের দাবি তুলে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। এরপর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। মস্কোর এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে ইউক্রেনে মানবিক ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
সূত্র: বিবিসি









