ইউক্রেনের বিরুদ্ধে রুশ ভূখণ্ডে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এমন অভিযোগ করেছেন। তার দাবি, অঞ্চলটির দুইটি গ্রামে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জুরাভলিওভকা এবং নেখোতেভকা গ্রামে ইউক্রেনের দিক থেকে গোলাবর্ষণ করা হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে গোলাবর্ষণের অভিযোগ এটিই প্রথম নয়। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে অন্তত তিন দফায় এ ধরনের অভিযোগ উঠেছে।
এদিকে ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত রুশ বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন জেনারেল নিহত হয়েছেন। কিন্তু নিজের একক প্রচেষ্টায় ঝানু এই সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে ইউক্রেন? নাকি এর জন্য বাইরের সহায়তার প্রয়োজন হয়েছিল? এসব প্রশ্নের জবাব খুঁজেছে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে রুশ জেনারেলদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার সুযোগ পেয়েছে ইউক্রেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ‘টার্গেটিং সহায়তা ইউক্রেনকে রিয়েল টাইম যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সরবরাহের জন্য বাইডেন প্রশাসনের শ্রেণীবদ্ধ প্রচেষ্টার একটি অংশ।’
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার সামরিক অবস্থান এবং অন্যান্য বিশদ বিবরণ সরবরাহ করেছে। এসব পর্যালোচনা করে সিনিয়র রাশিয়ান অফিসারদের শনাক্ত করতে সমর্থ হয় কিয়েভ। এরপর তারা এসব স্থানে অভিযান পরিচালনা করে।









