ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যর্থ হবেন এবং ইউরোপ জয়ী হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছেন।
ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে ভন ডের লিয়েন সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যের ডাক দিয়েছেন। বিশেষ করে আসন্ন শীতে জ্বালানির সংকটের বিষয়ে সবাইকে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, ইইউ প্রধান এটিকে ইউরোপের অর্থনীতি, ইউরোপের মূল্যবোধ ও ইউরোপের ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।
ইউক্রেনের জাতীয় পতাকার নীল ও হলুদ রঙের পোশাক পরে দেওয়া ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন বুধবার তিনি কিয়েভ সফর করবেন। সেখানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।
ইইউ পার্লামেন্টে এমপিরা দাঁড়িয়ে অভিবাদন জানান ইউক্রেনের ফার্স্টলেডি ওলেঙ্কা জেলেনস্কাকে। ইউক্রেনের স্কুলগুলোর পুনর্নির্মাণে ১০ কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন ভন ডের লিয়েন। ধারণা করা হচ্ছে রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ৭০টি স্কুল ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধের মধ্যে দুবার ইউক্রেন সফর করা ভন ডের লিয়েন বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আমাদের ঐক্যে যে ভাঙন নেই তা দেখানোর সময় এখন।









