আগামী সোমবার (১৭ অক্টোবর) থেকে বার্ষিক পারমাণবিক মহড়া শুরু করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বেলজিয়াম, উত্তর সাগর এবং ব্রিটেনের ওপর দিয়ে অনুষ্ঠেয় মহড়ায় ৬০টি বিমান অংশ নেবে। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকির মধ্যেই এটি শুরু হতে যাচ্ছে।
ন্যাটো শুক্রবার জানিয়েছে, সোমবার তার বার্ষিক পারমাণবিক মহড়া ‘স্টিডফাস্ট নুন’ শুরু করতে যাচ্ছে। যেখানে ৬০টি বিমান বেলজিয়াম, উত্তর সাগর এবং ব্রিটেনের উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নেবে। তবে পারমাণবিক মহড়ায় তাজা বোমা ব্যবহার করা হবে না বলে জানিয়েছে জোটটি।
আরও পড়ুন: রুশ পারমাণবিক মহড়া পশ্চিমাদের জন্য একটি ‘চ্যালেঞ্জ’
বেলজিয়াম এ মহড়ার আয়োজন করছে যাতে ১৪টি দেশ এবং ৬০টি বিমান অংশ নেবে। এর মধ্যে অত্যাধুনিক ফাইটার জেট এবং ইউএস বি-৫২ দূরপাল্লার বোমারু বিমান যা নর্থ ডাকোটার বিমান ঘাঁটি থেকে উড়ে যাবে।
পশ্চিমা জোটটি আরও জানিয়েছে, রুটিন অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে মহড়া।
ন্যাটোর আসন্ন মহড়ার মধ্যে শিগগিরই রাশিয়াও বড় ধরনের পারমাণবিক মহড়া আয়োজন করতে পারে। এমন সময় এই মহড়া আয়োজনের কথা সামনে আসছে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।
সূত্র: রয়টার্স









