ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, হাইতির বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহিংসতা বৃদ্ধির কারণে ২০২২ সালে দায়িত্ব পালনের সময় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়েছে। শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকার দিবস উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ৬৭ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪৭ জন।
ব্রাসেলসভিত্তিক আইএফজে বলছে, সাংবাদিকতা কাজের জন্য বিশ্বে ৩৭৫ জন সাংবাদিক কারাগারে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক কারাগারে রয়েছেন হংকংসহ চীন, মিয়ানমার ও তুরস্কে। গত বছর কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা ছিল ৩৬৫ জন।
সাংবাদিক ও মিডিয়াকর্মীর নিহতের সংখ্যা বাড়ার ঘটনায় আইএফজে এবং অপর মিডিয়া অধিকার গোষ্ঠীগুলো সাংবাদিকদের সুরক্ষা ও মুক্ত সাংবাদিকতা রক্ষা সংশ্লিষ্ট সরকারগুলোকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আইএফজে’র তথ্য অনুসারে, ইউক্রেনে যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা অন্য যেকোনও দেশের তুলনায় বেশি। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে বেশিরভাগ সাংবাদিকের মৃত্যু হয়। আইনের শাসন ভেঙে পড়ায় হাইতিতেও বেড়েছে মিডিয়াকর্মী নিহতের সংখ্যা।
যুদ্ধক্ষেত্রের বাইরে মেক্সিকো সাংবাদিকতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে মেক্সিকোর কথা উল্লেখ করা হয়েছে আইএফজের প্রতিবেদনে।
রাজনৈতিক সংকটে থাকা পাকিস্তানে পাঁচ সাংবাদিক নিহতের কথা লিপিবদ্ধ করেছে সংস্থাটি। একই সঙ্গে তারা কলম্বিয়া ও ফিলিপাইনে সাংবাদিকদের নতুন হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে।









