জার্মানির পূর্বাঞ্চলীয় ড্রেসডেনে একটি জিম্মি দশা সৃষ্টি হয়েছে। জার্মান পুলিশ জানিয়েছে, শনিবার সকালে গুলিবর্ষণের পর এই জিম্মি দশা দেখা দেয়। দুপুরের পর টুইটারে পুলিশ ঘোষণা দিয়েছে, জিম্মি দশার অবসান হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
পুলিশ শহরটি এড়িয়ে চলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ড্রেসডেনের ক্রিসমাস মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রেডিও ড্রেসডেন এর আগে জানিয়েছিল, প্রধান ট্রেন স্টেশনের কাছের একটি ভবন থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
জার্মান ট্যাবলয়ের বিল্ড জানিয়েছে, এক নারী নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে এই নিহতের কথা নিশ্চিত হওয়ার জন্য জার্মান পুলিশের মন্তব্য সংগ্রহ করতে পারেনি এপি।
আরেক জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ড্রেসডেনের প্রাণকেন্দ্রে একটি শপিং মল খালি করেছে পুলিশ। এটি ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ড্রেসডেন পুলিশ বিভাগ ড্রেসডেনের কেন্দ্রস্থলে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি জিম্মি দশার সন্দেহ করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, কাছের ক্রিসমাস মার্কেট বন্ধ করা হয়েছে। স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
প্রোহলিস এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ৬২ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়েছে। সশস্ত্র ব্যক্তি পলাতক রয়েছে।
একাধিক স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, সশস্ত্র ব্যক্তি প্রথমে রেডিও ড্রেসডেনের ভবনে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হয়ে সে এখানে গুলি করে। পরে শপিং মলের দিকে চলে যায়।









