রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটলান্টিক মহাসাগরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। এতে রয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। বুধবার তিনি এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধে যে রাশিয়া পিছু হটবে না, পশ্চিমাদের এমন ইঙ্গিত দিতে এই পদক্ষেপ নিয়েছেন পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র নির্মাণের প্রতিযোগিতায় রয়েছে। হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুতগতির। এর ফলে এসব বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
এক ভিডিও কনফারেন্সে ভ্লাদিমির পুতিন বলেছেন, অ্যাডমিরাল অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন গ্রশকভ নামের ফ্রিগেটে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র জিরকন মোতায়েন করা হয়েছে।
পুতিন বলেন, এবার যুদ্ধজাহাজটিতে সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিরকন রাখা হয়েছে। আমি নিশ্চিত এমন শক্তিশালী অস্ত্র রাশিয়াকে বাইরের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করবে।
পুতিনের দাবি, এমন অস্ত্র বিশ্বে আর নেই।
ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া দাবি করেছে, তারা হাইপারসনিক খিঞ্জাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়ার হাইপারসনিক অস্ত্রের মধ্যমণি হলো জিরকন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিতে এই অস্ত্রকে একটি উপায় হিসেবে মনে করে দেশটি।









