রাশিয়ার অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নির্বিচার গ্রেফতার বা হয়রানির ঝুঁকির কারণে এ আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস রোববার জানায়, ‘রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়া উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে এই সতর্কতা মানতে হবে।’
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ওয়াশিংটন-মস্কো সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে। সবশেষ সে বছরের সেপ্টেম্বরে মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
দূতাবাস বলছে, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলো মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেফতার করছে। অনেককে আটক করে হয়রানি করা হচ্ছে। গোপন বিচারে বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করছে।
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানুয়ারিতে জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে রাশিয়া।
এফএসবি ওই ব্যক্তির নাম বা অন্য কোনও বিবরণ দেয়নি। এমনকি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা তাও জানায়নি।
এফএসবি কেবল বলছে, রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার হুমকির জন্য এক মার্কিন নাগরিককে সন্দেহ করা হচ্ছে।
রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ফৌজদারি অভিযোগে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। পরে যুক্তরাষ্ট্রে আটক রাশিয়ানদের বিনিময়ে তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।
গত ডিসেম্বরে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মাদকের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত। পরে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের বদলে তাকে ছেড়ে দেয় রাশিয়া।
রাশিয়া এখন পর্যন্ত সাবেক মার্কিন নৌ কর্মকর্তা পল হুইলানকে অদলবদল করতে অস্বীকার করছে। পলকে ২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে এসএসবি। ২০২০ সালে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: রয়টার্স









