কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া মার্কিন গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করবে রাশিয়া। ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ রাশিয়ার একটি টেলিভিশনকে এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
নিকোলাই পাত্রুশেভ বলেন, আমি জানি না ধ্বংসাবশেষ উদ্ধারে আমরা সফল হব কিনা। কিন্তু এই চেষ্টা করা হবে। আমরা এটি নিয়ে কাজ করবো। অবশ্যই, আমি আশা করি আমরা সফল হব।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, এই ড্রোন সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। এই ড্রোনের বিধ্বস্ত হওয়া সরাসরি প্রমাণ করছে যুদ্ধে এমন কর্মকাণ্ডে এগুলো অংশ নিচ্ছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায়, কৃষ্ণ সাগরে ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় একটি নিয়মিত মিশনে ছিল এবং দুটি রুশ যুদ্ধবিমান এটির পথরোধ করে। এক পর্যায়ে রুশ যুদ্ধবিমান দুটি ড্রোনটিকে ধাক্কা দেয়। এতে ড্রোনটি অচল হয়ে কৃষ্ণ সাগরে ডুবে যায়।
যুক্তরাষ্ট্রের দাবি, রুশ যুদ্ধবিমান দুটির পাইলটের বেপরোয়া ও অপেশাদার আচরণের কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। রাশিয়া দাবি করেছে, তাদের যুদ্ধবিমান দুটি ড্রোনের সংস্পর্শে আসেনি।









