ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনের কাছে ড্রোন হামলার জেরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বুধবার (৩ মে) রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলছেন, এমন হামলা চলতে থাকলে জেলেনস্কি ও তার দলকে হত্যা করা ছাড়া উপায় থাকবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে মেদভেদেভ বলেন, ‘আজকের সন্ত্রাসী হামলার পর জেলেনস্কি ও তার দলকে নিশ্চিহ্ন করা ছাড়া আর কোনও পথ খোলা নেই।’
রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের এক প্রতিবেদনে তিনি বলেন, ‘এটি করার জন্য আত্মসমর্পণ চুক্তিতে জেলেনস্কির স্বাক্ষরেরও প্রয়োজন হবে না। হিটলারও আত্মসমর্পণ করেননি। আসলে সবসময়ই বিকল্প ব্যবস্থা থাকে।’
মস্কোর দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ড্রোন হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের বাসভবনকে লক্ষ্য করে দুটি মনুষ্যবিহীন আকাশযান পাঠানো হয়। রাডার ব্যবস্থা ব্যবহার করে সেনাবাহিনী ও স্পেশাল সার্ভিসের সদস্যরা যান দুটিকে বিকল করে।
রাশিয়া টুডের প্রতিবেদন অনুসারে, অক্ষত আছেন প্রেসিডেন্ট পুতিন। হামলাটিকে সন্ত্রাসী ঘটনা আখ্যা দিয়ে পুতিনের জীবননাশের হুমকি বলে অভিহিত করেছে রুশ প্রেসিডেন্টের প্রেস সার্ভিস।
এদিকে রাশিয়ার সব অভিযোগ অস্বীকার করছে কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমাদের অঞ্চলগুলো রক্ষার্থে নিজ ভূখণ্ডে যুদ্ধ করছি আমরা। এমন হামলার জন্য উপযুক্ত অস্ত্রও নেই আমাদের কাছে।’
সূত্র: ফার্স্ট পোস্ট







