রাশিয়ার উরাল অঞ্চলের পাহাড়ে দাবানলের কারণে একটি গানপাউডার গুদামে আগুন লেগেছে। প্রায় ৯৬০ বর্গ মিটার বা ১০ হাজার ৩০০ বর্গফুট অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পার্শ্ববর্তী সেভারডলভস্ক অঞ্চলের একটি ছোট গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শনিবার (৬ মে) বিকালে স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্য অনুসারে, আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেভারডলভস্ক অঞ্চলের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রাম বার্তায় বিষয়টি জানিয়েছে।
অঞ্চলটির রেজেভস্কি প্রশাসনিক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অঞ্চলটির পারভোমাইস্কি এলাকার ছোট এক গ্রামে ছিল সেই গানপাউডার গুদামটি। আঞ্চলিক প্রশাসন জানায়, পার্শ্ববর্তী গ্রামগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
এর আগে, সেভারডলভস্ক অঞ্চলের গভর্নর ইয়েভজেনি কুইভাশেভ সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানিয়েছিলেন, অঞ্চলটির দাবানলের অবস্থা ‘সংকটজনক’। প্রায় ২০ হাজার হেক্টর এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে এবং শক্তিশালী শুষ্ক বাতাসে তা আরও ছড়াচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
গত সপ্তাহেও অঞ্চলটির একটি গ্রামে অজ্ঞাত উৎস থেকে আগুন ছড়িয়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে এবং ঘর ছেড়েছেন গ্রামটির বাসিন্দারা।
সূত্র: রয়টার্স









