রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব একটি সন্ধিক্ষণে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করার বিজয় উদযাপনে মস্কোর রেড স্কয়ারে কুচকাওয়াজে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ওপর।
ইউক্রেনে ১৫ মাস ধরে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তা উদ্বেগ নিয়েই এবার মস্কোতে সোভিয়েত ঘরানার বিজয় দিবস উদযাপন করা হয়।
কুচকাওয়াজে পুতিন বলেছেন, আজ সভ্যতা আরও একবার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। আমাদের মাতৃভূমির বিরুদ্ধে একটি যুদ্ধ শুরু হয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে আক্রমণকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হিসেবে দাবির বিষয়টি ক্রমশ বাড়ছে। ক্রেমলিন বলছে, ইউক্রেনকে পশ্চিমা সমর্থনে রাশিয়ার অস্তিত্বের সংকট বাড়ছে।
ইউক্রেনে আক্রমণে মোতায়েন সেনাদের অনেকেই রেড স্কয়ারে হাজির ছিলেন। তাদের লক্ষ্য করে পুতিন বলেছেন, সারা দেশ তাদের সঙ্গে রয়েছে।
তিনি বলেন, এই মুহূর্তে আপনাদের লড়াইয়ের প্রচেষ্টার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। দেশের নিরাপত্তা, আমাদের রাষ্ট্র ও জনগণের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের ওপর।
পশ্চিমাদের সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বজুড়ে সংঘাত ও অভ্যুত্থানের জন্য পশ্চিমা অভিজাতরা দায়ী।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। রাশিয়া এই আক্রমণকে কিয়েভ ও পশ্চিমাদের হুমকি মোকাবিলায় ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে। তবে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা এটিকে উসকানি ছাড়াই সাম্রাজ্যবাদী ভূমি দখল হিসেবে অভিহিত করেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। আক্রমণের ঘটনায় মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।









