রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করা তিন বিজ্ঞানীর বিরুদ্ধে ‘গুরুতর ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়েছে। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে তদন্তের বিষয়টি দেশটির বৈজ্ঞানিক সম্প্রদায়ে উদ্বেগ ছড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অভিযুক্তদের সমর্থনে সাইবেরিয়ার বিজ্ঞানীদের উন্মুক্ত চিঠি সম্পর্কে তিনি অবগত। কিন্তু বিষয়টি গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট।
সোমবার এক চিঠিতে আনাতোলি মাস্লভ, আলেক্সান্ডার শিপলিউক ও ভ্যালেরি জভেগিনস্তেভ-এর সহকর্মীরা তাদেরকে নির্দোষ হিসেবে দাবি করেছেন। তারা বলেছেন, এই আইনি প্রক্রিয়া রাশিয়ার বিজ্ঞানের বড় ধরনের ক্ষতি করবে।
তারা আরও বলেছেন, আমরা তাদের প্রত্যেককে দেশপ্রেমী ও সম্মানী ব্যক্তি হিসেবে জানি। যে সন্দেহে তদন্ত করা হচ্ছে এমন কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে রাশিয়াকে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশ হিসেবে তুলে ধরছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শব্দের চেয়ে ১০ গুণ দ্রুত এসব ক্ষেপণাস্ত্র শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার ইউক্রেন দাবি করেছে, তারা এক রাতেই ছয়টি রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও মস্কো বিষয়টি স্বীকার করেনি।
বিজ্ঞানীদের খোলা চিঠির বিষয়ে জানতে চাইলে পেসকভ বলেন, আমরা এই আবেদন দেখেছি। কিন্তু রাশিয়ার স্পেশাল সার্ভিস বিষয়টি নিয়ে কাজ করছে। তারা তাদের কাজ করে যাচ্ছে। এগুলো খুব গুরুতর অভিযোগ।








