ইউক্রেনের বাখমুত মস্কোর নিয়ন্ত্রণে যাওয়ার পর শহরটি পরিদর্শন করেছেন রুশ সমর্থিত স্বঘোষিত ডনেস্ক প্রজাতন্ত্র (ডিপিআর)-এর প্রধান ডেনিস পুশিলিন। মঙ্গলবার শহর ঘুরে দেখার সময় তিনি বলেন, ‘এটি এখন থেকে ‘আর্টেমভস্ক’ নামে পরিচিতি পাবে।’ সোভিয়েত সময়ে বাখমুতের নাম ছিল আর্টেমভস্ক।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে পুশিলিন বলেন, বাখমুতের দুর্ভাগ্য ছিল ইউক্রেনের হওয়া। এখন ইউক্রেনের নয়, এটি রাশিয়ার। এখন থেকে বাখমুত নয় – আর্টেমভস্ক।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুশিলিন সামরিক পোশাকে ধ্বংসযজ্ঞ শহরের রাস্তায় হাঁটছেন। কিছুক্ষণ পর সেখানকার একটি ভবনে ডনেস্ক পিপল’স রিপাবলিকের পতাকা টাঙিয়ে দেন তিনি।
বাখমুত দখলের ফলে ইউক্রেনে রুশ বাহিনীর জন্য আরও জয়ের পথ খুলে যাবে বলে দাবি করেন পুশিলিন।
এতদিন পাল্টাপাল্টি হামলায় বেশিরভাগ আবাসিক ভবন, শিক্ষা ও ধর্মীয় স্থাপনা শেষ হয়ে গেছে। ফলে এগুলো আবারও নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাখমুত এই সপ্তাহে ওয়াগনার এবং রুশ বাহিনীর হাতে পতন ঘটেছে বলে দাবি করেছে ক্রেমলিন। যদিও এখনও শহরটিতে লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে আসছে কিয়েভ। বাখমুত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গত ৯ মাসের বেশি সময় লড়াই করে আসছিল ইউক্রেনীয় যোদ্ধারা।
সূত্র: সিএনএন









