ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা তৃতীয় রাত হামলা চালিয়েছে রুশ বাহিনী। তারা বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার পর রাজধানীতে ক্রমাগত হামলা চালাচ্ছে। সবশেষ মঙ্গলবার রাতের হামলায় অগ্নিকাণ্ড এবং কয়েকটি আবাসিক ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগের দুটি হামলার সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে কিয়েভ সামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ রুশ হামলায় ২০টিরও বেশি কামিকাজে ড্রোন ধ্বংস করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় হলোসিভস্কি জেলার একটি বহুতল ভবনে আগুন লেগে একজন নিহত ও তিনজন আহত হন।
কিয়েভের মেয়র ক্লিটসকো এটিকে বড় ধরনের হামলা হিসেবে বর্ণনা করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
হামলা শুরুর তিন ঘণ্টা পর বিমান হামলার সতর্ক সংকেত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলতি মাসে কিয়েভে এটি রাশিয়ার ১৭তম আক্রমণ।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন। ধারাবাহিক হামলার প্রসঙ্গে সোমবার রাতের ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র শতভাগ ধ্বংস করা হয়েছে।
এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের সময় নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানানি তিনি।
গত কয়েক মাস ধরেই এই পাল্টা আক্রমণের জন্য বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কিন্তু কখন, কবে থেকে হচ্ছে এ বিষয়ে স্পষ্ট করছে না দেশটির সরকার। সূত্র: বিবিসি









