রুশ দখলকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে কিয়েভ। দীর্ঘ পাল্লার মার্কিন হিমার্স ও ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন এসব হামলার পরিকল্পনা করছে বলে দাবি রাশিয়ার। মঙ্গলবার (২০ জুন) এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ চলা এলাকার বাইরের ভূখণ্ড হিসেবে ক্রিমিয়াকে বিবেচনা করে রাশিয়া।
শোইগু বলছেন, এমন হামলার অর্থ হলো রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুরোপুরিভাবে যুক্ত। এমন হলে রাশিয়া প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দেন শোইগু।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। তারা এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করে আসছে। ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলো এই আক্রমণকে বিনা উসকানিতে ভূখণ্ড দখলের জন্য সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে অভিযোগ করছে।
এর আট বছর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ডের অধিভুক্ত করে মস্কো। সম্প্রতি পাল্টা আক্রমণ শুরুর আগেই একাধিকবার ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছে কিয়েভ। এছাড়া ক্রিমিয়ার নিকটবর্তী রুশ সামরিক ঘাঁটি ও জ্বলানী কেন্দ্রে বেশ কয়েকবার হামলার অভিযোগ করেছে ক্রেমলিন। সূত্র: বিজনেস রেকর্ডার








