ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর সামরিক বাহিনীর নিয়মিত সেনা আরও ৭০ লাখ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রুশ ঊর্ধ্বতন আইনপ্রণেতা লিওনিড স্লাটস্কি। রাশিয়ার নিরাপত্তার স্বার্থে সোমবার (২৬ জুন) এমন প্রস্তাব দেন তিনি। যেন আর ভাড়াটে বাহিনীর প্রয়োজন না হয় দেশটির।
তিনি আরও বলেন, ‘রাশিয়ার আর ভাড়াটে গোষ্ঠীর প্রয়োজন আছে বলে আমি মনে করি। নিয়মিত সেনাবাহিনীর মধ্যে কিছু সমস্যা আছে, তবে ভাড়াটে দিয়ে তার সমাধান হবে না।’
সম্প্রতি দেশটির ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা করে। অবশ্য ২৪ ঘণ্টা না পেরোতেই কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর মস্কো অভিমুখে অভিযান বাতিল করে প্রিগোজিন। এই স্বল্প সময়ের বিদ্রোহে কেঁপে উঠেছিল রাশিয়া, আঁতকে উঠেছিল দেশটির জনগণ। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে কঠিন জবাব দিয়েছেন ওয়াগনার যোদ্ধাদের।
তাদের উদ্দেশ করে পুতিন বলেছেন, ওয়াগনারের সশস্ত্র যোদ্ধারা চাইলে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে পারে। চাইলে নিজেদের ঘরে ফিরতে পারে অথবা বেলারুশে চলে যেতে পারে।
তবে আইনপ্রণেতা লিওনিডের প্রস্তাব অনুসারে সেনা সদস্য বাড়াতে বিপুল অর্থের প্রয়োজন রাশিয়ার।
এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধের খরচ যোগাতে গত বছর দেশটির অর্থনীতি প্রায় ২ দশমিক ২ শতাংশ হ্রাস পায়। ফলে তার এমন প্রস্তাব পুতিনের কাছে গ্রহণযোগ্য হবে কি না তা দেখার বিষয়।
সূত্র: রয়টার্স








