ইউক্রেন থেকে জোরপূর্বক দখলকৃত চারটি অঞ্চলে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। রুশ নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা সোমবার (৩ জুলাই) বলেছেন, এই বছরের সেপ্টেম্বরে ভোটাররা স্থানীয় গভর্নর এবং অন্যান্য কর্মকর্তাদের নির্বাচিত করবেন। খবর সিএনএনের।
ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। টেলিগ্রামে সিইসি বলেছেন, নির্বাচনের তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সংযুক্ত করে নেওয়া চারটি অঞ্চল হলো– ডনবাসের ডনেস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকস, জাপোরিজ্জিয়া এবং খেরসন। এছাড়াও আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় গভর্নর, আইনসভার সদস্য নির্বাচনের জন্য আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার পামফিলোভা।
তবে যুদ্ধের কারণে চার অঞ্চলের পরিস্থিতি আরও অবনতি হলে নির্বাচন আয়োজন বাতিলেরও আভাস দিয়েছেন তিনি।
ইউক্রেনে অভিযানের শুরুর দিকে ভয়াবহ হামলা চালিয়ে চারটি অঞ্চল দখলে নেয় রুশ বাহিনী। হামলায় শত শত ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় হয়েছে অনেকের।








