ক্রিমিয়ার কার্চ সেতুতে শক্তিশালী বিস্ফোরণের একদিন পরই ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সিরিজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। হামলায় ড্রোন ব্যবহার হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী।
মঙ্গলবার সকালে টেলিগ্রামে জানিয়েছে, দক্ষিণের বন্দরনগরী ওডেস, মাইকোলাইভ, ডনেস্ক, খেরসন, জাপোরিজ্জিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে ছিল।
স্থানীয় মেয়র জানিয়েছেন, সোমবার গভীর রাতে মাইকোলাইভ বন্দরে আগুন লাগে। এই বন্দর দিয়ে ইউক্রেনকে কৃষ্ণ সাগরে প্রবেশাধিকার দেয়।
টেলিগ্র্যামে মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ অগ্নিকাণ্ডকে গুরুতর বলে বর্ণনা করেছেন। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা উল্লেখ করেছেন তিনি। হামলার কিছুক্ষণ পর কয়েকটি ভিডিও সামনে এসেছে। ইরানের তৈরি রুশ ড্রোন ইউক্রেনের মাইকোলাইভের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা যায়। তবে এই ফুটেজের সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।
ওডেসার লক্ষ্যবস্তুতে হামলার আগেই একাধিক ড্রোন প্রতিহত করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার কয়েক ঘণ্টা বিমান হামলার সাইরেন শোনা যায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে।
আগের দিন সোমবার ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করা কার্চ সেতুতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। সেতুর স্প্যান ক্ষতিগ্রস্ত হয়। যান চলাচল কমিয়ে আনা হয়েছে একপাশে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন ক্রিমিয়া সেতুতে এমন হামলা চালিয়েছে বলে অভিযোগ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। একে সন্ত্রাসী কর্মকাণ্ড অ্যাখ্যা দেয় দেশটি। যদিও জড়িত থাকার কথা এখনও স্বীকার করেনি কিয়েভ।
সূত্র: আল জাজিরা, সিএনএন








