রাশিয়ার পার্শ্ববর্তী দেশ বেলারুশে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধার সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে বলে ধারণা করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্তরক্ষা বাহিনীর মুখপাত্র আন্দ্রি ডেমচেনকো। রাশিয়ায় স্বল্প বিদ্রোহের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী ওয়াগনার বাহিনীকে দেশটিতে চলে যাওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে মুখপাত্র আন্দ্রি ডেমচেনকো শনিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথমদিকে ভাড়াটে দলের সদস্যরা যখন বেলারুশে ঢুকেছিল সংখ্যাটা হবে কয়েকশ। এখন তাদের সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে।’
এই রুশ ভাড়াটে বাহিনী ইউক্রেনের জন্য হুমকি নয় উল্লেখ করে তিনি বলেন, সবকিছুর পরও ইউক্রেনের সীমান্তবাহিনী যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।
কয়েকদিন আগে বেলারুশের সেনাবাহিনীর কিছু সদস্যকে প্রশিক্ষণও দিতে দেখা গেছে ওয়াগনারকে। এদিকে বেলারুশের বাহিনী শিগগিরই পোল্যান্ডের সীমান্তের কাছে ওয়াগনার যোদ্ধাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমানো ওয়াগনারকে হুমকি হিসেবে দেখছে অনেকে। বিষয়টি নিয়ে সম্প্রতি নেদারল্যান্ডসে ন্যাটোর এক বৈঠকে শঙ্কা প্রকাশ করেছে জোটটির পূর্ব ইউরোপীয় দেশগুলো।








