ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের হত্যার অভিযোগকে ‘চরম মিথ্যা’ বলে উল্লেখ করেছে ক্রেমলিন। বুধবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিম অঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
পশ্চিমা রাজনীতিবিদরা কোনও প্রমাণ ছাড়াই বলছেন পুতিন প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছেন। এই অভিযোগের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অভিযোগ মিথ্যা।
পেসকভ সাংবাদিকদের বলেছেন, এই বিমান দুর্ঘটনায় ইয়েভজেনি প্রিগোজিনসহ বিমানের যাত্রীদের সবারই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই জল্পনা-কল্পনা করছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তথ্যের ওপর ভিত্তি করে এই ধরণের অভিযোগ করা উচিত।
বৃহস্পতিবার পুতিন প্রিগোজিনসহ নিহতদের পরিবারগুলোকে সমবেদনা জানান। প্রিগোজিনের প্রশংসা করলেও রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি বেশ কিছু গুরুতর ভুল করেছিলেন।








